জ্বালানি খাতে ন্যায্য রূপান্তর নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “নবায়নযোগ্য জ্বালানির পথে সাইকেল র্যালি—Cycling Towards Just Energy Transition” শীর্ষক সচেতনতামূলক সাইকেল র্যালি।
শুক্রবার সকাল ৮টায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে মানিকগঞ্জ ৩৫ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত পৌঁছায়। প্রায় অর্ধশত সাইক্লিস্ট এতে অংশ নেন। তাদের হাতে রঙিন প্ল্যাকার্ডে লেখা ছিল—“এই সময়ে প্রয়োজন, জাস্ট এনার্জি ট্রানজিশন”, “নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পরিচ্ছন্ন জ্বালানি নিশ্চিত করতে হবে”, “সাইকেলে চেপে এগোই, জাস্ট এনার্জি ট্রান্সিশন আনবোই”, “প্যাডেলে প্যাডেলে পরিবর্তন—ন্যায্য জ্বালানির পথে আগমন” ইত্যাদি স্লোগান।
মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর উইমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড এনার্জি (WEE) প্রকল্পের উদ্যোগে এ র্যালি আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব বাড়াতে এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
র্যালি বাস্তবায়নে মানিকগঞ্জ সাইক্লিস্ট ক্লাবের সহযোগিতায় উই-নেটের সদস্য সংগঠন আনকোরা বিশেষ ভূমিকা পালন করে। স্থানীয় সাইক্লিস্ট, শিক্ষার্থী, তরুণ-তরুণী ও বিভিন্ন পেশার মানুষ এতে অংশ নিয়ে ন্যায্য জ্বালানি রূপান্তরের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান প্রকাশ করেন।
উল্লেখ্য, উই-নেট (Women’s Empowerment and Energy Network) মূলত নারী-প্রধান সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম। এটি নবায়নযোগ্য জ্বালানি খাতে নারীর দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, নারী-নেতৃত্বাধীন উদ্যোগে অর্থায়ন নিশ্চিতকরণ এবং জেন্ডার-সংবেদনশীল জ্বালানি নীতি প্রণয়নে কাজ করবে।
আয়োজকরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াবে এবং টেকসই জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১