মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে “জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে নবমবারের মতো সারা দেশের ন্যায় জেলা সরকারি গণগ্রন্থাগার, চাঁপাইনবাবগঞ্জ-এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার এবং চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকবৃন্দ, নবীন ও প্রবীণ পাঠক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিন।
বক্তারা তাঁদের বক্তব্যে গ্রন্থাগারের গুরুত্ব তুলে ধরে বলেন, জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তুলতে গণগ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। একটি আলোকিত, সচেতন ও জ্ঞানভিত্তিক জাতি গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই বলেও বক্তারা উল্লেখ করেন।
আলোচনা সভা শেষে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী মোট ২৯ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
প্রতিযোগিতাগুলোর মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা (৩টি গ্রুপে ১৪ জন), বইপাঠ প্রতিযোগিতা (উন্মুক্ত গ্রুপে ৬ জন), রচনা প্রতিযোগিতা (নবম–স্নাতকোত্তর গ্রুপে ৩ জন) এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা (২টি গ্রুপে ৬ জন)।
দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া