মোনতাহেরুল হক আমিন | বাঁশখালী প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদক নির্মূলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।
অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ পারভিন আক্তার (২৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার স্বামী ও কথিত মূল হোতা মো. জাহাঙ্গীর আলম (৩৬) পালিয়ে যেতে সক্ষম হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী আর্মি ক্যাম্প জানতে পারে যে, কালিপুর ইউনিয়নের গুনাগরি খাসমহল বাজার এলাকায় কুখ্যাত মাদক কারবারি জাহাঙ্গীর আলম তার নিজ বাসভবনে অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে গত ৪ ফেব্রুয়ারি (বুধবার) দিবাগত রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সেনাবাহিনীর একটি বিশেষ দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম কৌশলে পালিয়ে যায়। তবে বাড়িতে তল্লাশি চালিয়ে তার স্ত্রী ও মাদক ব্যবসার সহযোগী পারভিন আক্তারকে হাতেনাতে আটক করা হয়।
তল্লাশিকালে আটককৃত পারভিন আক্তারের হেফাজত থেকে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ১৩,৩৩০ টাকা, ১ লক্ষ টাকার একটি ব্যাংক চেক, ৩টি লিখিত ও ৩টি খালি স্ট্যাম্প, ১টি সিসিটিভি ক্যামেরা, ১টি ২০ ইঞ্চি সিঙ্গার মনিটর, ১টি টিভি অ্যাডাপ্টার, ৪টি মোবাইল ফোন এবং ৪টি সিম কার্ড জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারিকে উদ্ধারকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (LEA) কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
বাঁশখালী সেনা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, এলাকার জননিরাপত্তা নিশ্চিত করা এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া