বেতাগী (বরগুনা) প্রতিবেদকঃ
বরগুনার বেতাগীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তির প্রতিবাদে বিএনপির বিরুদ্ধে জরুরি সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বেতাগী বাসস্ট্যান্ড এলাকায় জামায়াত প্রার্থী ডা. সুলতান আহমদের নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহাদাত হোসেন মুন্না। এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সহসভাপতি হাফেজ মাহাবুবুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. বশির উদ্দীনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
লিখিত বক্তব্যে বলা হয়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকালে জামায়াত প্রার্থীর জনসংযোগ কার্যক্রম চলাকালে বেতাগী সরকারি কলেজের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থীর জনসংযোগের সঙ্গে মুখোমুখি হলেও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উভয় পক্ষ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রেখেছে।
তবে অভিযোগ করা হয়, এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে বিএনপির কিছু সমর্থক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘর্ষের মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। যা এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জামায়াতে ইসলামীর নারী কর্মীরা প্রচারণা চালাতে গিয়ে বিভিন্ন স্থানে কুরুচিপূর্ণ ইঙ্গিত ও অশোভন আচরণের শিকার হচ্ছেন। সম্প্রতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে নারী কর্মীদের ব্যাগে টাকা রয়েছে ভোটারদের মধ্যে বিতরণের জন্য—এমন ভিত্তিহীন অভিযোগ তুলে হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
এছাড়া জামায়াতের পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা, নেতাকর্মীদের হুমকি দেওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি করা হয়। এসব বিষয়ে প্রশাসনের গাফিলতি ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে দ্রুত নিরপেক্ষ ও কঠোর প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করা হয়।
একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া