চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন (৪৬) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। ডাকাতদের হামলা ও অপহরণের তিন দিন পর মঙ্গলবার মান্দারিটোলা সমুদ্র সৈকতে তাঁর মরদেহ ভেসে ওঠে। একজন সক্রিয় রাজনৈতিক সংগঠক ও সাহসী সমাজকর্মীর নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, গত ৩০ জানুয়ারি শুক্রবার সকালে মো. সালাউদ্দিন বাড়বকুন্ডের বেরী বাঁধ এলাকায় ড্রেজার পাহারার দায়িত্ব পালন করতে যান। পরদিন ৩১ জানুয়ারি শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি পরিবারের সঙ্গে শেষবার ফোনে কথা বলেন। তখন তিনি জানান, একদল ডাকাত পাশের ড্রেজার থেকে তেল চুরি করছে এবং তিনি ও তাঁর সহযোগীরা তাদের ধাওয়া করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতদের বাধা দিতে গেলে মান্দারিটোলা এলাকার চিহ্নিত ডাকাত রিফাত (২৫) ও তার সশস্ত্র সহযোগীরা অতর্কিত হামলা চালায়। এ সময় ড্রেজার মালিকের ভাই কাজল গুরুতর আহত হলেও সালাউদ্দিনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। তিন দিন নিখোঁজ থাকার পর স্থানীয় জেলেরা সমুদ্রে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে স্বজনরা মরদেহ শনাক্ত করেন।
ইতিমধ্যে ঘটনার মূল অভিযুক্ত রিফাতকে সীতাকুণ্ড থানা পুলিশ গ্রেপ্তার করেছে। ওসি মহিনুল ইসলাম জানান, তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দ্রুত চার্জশিট প্রস্তুত করা হবে। নিহতের পরিবার প্রথমে জিডি করলেও এখন নিয়মিত হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
নিহতের ছেলে মুসলিম উদ্দিন ও স্থানীয় বাসিন্দারা এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া