কামাল খান | গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে বিশাল জনসভা ও প্রচারমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিলেট জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মো. এনামুল হক চৌধুরী বলেন, উন্নয়নের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতেই আজকের এই জনসমাবেশ।
সিলেট-৬ আসনের প্রার্থী এমরান আহমদ চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন। তাই ১২ ফেব্রুয়ারি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষকে তাকে বিজয়ী করে সেই আস্থার প্রতিদান দিতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।
গণঅভ্যুত্থানের পরও একটি মহল আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। ১২ ফেব্রুয়ারি সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে এসব ষড়যন্ত্রের জবাব দিতে হবে।
ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দিয়েছেন এবং তারেক রহমান আমার ওপর আস্থা রেখেছেন। এই আস্থার মর্যাদা রাখতে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষকে ধানের শীষে ভোট দিতে হবে।
তিনি আরও বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে আমি এই এলাকার মানুষের পাশে আছি। সংসদে গেলে গ্যাস সংযোগ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে কাজ করবো।
সভাপতির বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের শহিদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান।
গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাডভাইজার এ এম ওহিদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সাবিনা খান পপি, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদসহ জেলা, উপজেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জনসভা শেষে ঢাকাদক্ষিণ বাজার থেকে গোলাপগঞ্জ পৌরসদর অভিমুখে বিশাল প্রচারমিছিল বের করা হয়। এতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১