মো: গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কেটে পুকুর ও দীঘি খননের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
দীর্ঘদিন ধরে চলমান এ অবৈধ কর্মকাণ্ডে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় স্থানীয় কৃষকেরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন।
কৃষিজমি রক্ষা ও অবৈধ পুকুর খনন বন্ধে বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা–এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
প্রথম দফায় মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গণিপুর ইউনিয়নের দুবিলা বিলে অবৈধভাবে কৃষিজমির মূল্যবান টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে টপসয়েল কাটার অপরাধে গণিপুর গ্রামের তমিজ উদ্দিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।একই সঙ্গে টপসয়েল কাটায় ব্যবহৃত দুটি ভেকু মেশিন ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।
এ সময় ভেকু মেশিন সরিয়ে নিতে বাধা দেওয়ায় এক কৃষকের সরিষা ক্ষেত নষ্ট করে জোরপূর্বক মেশিন নিয়ে যাওয়ার অভিযোগও উঠে আসে, যা স্থানীয়ভাবে ক্ষোভের সৃষ্টি করে।
দ্বিতীয় দফায় বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শুভডাঙ্গা ইউনিয়নের নিমাই বিল এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেখানে কাউকে হাতেনাতে পাওয়া না গেলেও অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটায় ব্যবহৃত আরও দুটি ভেকু মেশিন স্পটে অকেজো করা হয়।
স্থানীয় কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে ফসলি জমি কেটে পুকুর ও দীঘি খনন করে আসছিল। এতে জমির উর্বরতা নষ্ট হয়ে ফসল উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছিল এবং অনেক কৃষক তাদের আবাদি জমি হারানোর শঙ্কায় ছিলেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা বলেন,
“কৃষিজমি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। অবৈধভাবে টপসয়েল কেটে পুকুর খনন করে ফসলি জমি ধ্বংস করার কোনো সুযোগ নেই। কৃষকের জমি রক্ষা করা সরকারের অগ্রাধিকার। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।”
উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি রক্ষা ও অবৈধ পুকুর খনন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া