ফারুকুর রহমান বিনজু |
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ট্রাকের চাপায় মোঃ মোস্তাকিম (১০) নামে এক শিশু নিহত হয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৫টার দিকে পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের মডেল মসজিদের সামনে মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি ট্রাক শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।
নিহত শিশুর বন্ধু ইমরান মিশু জানান, মোস্তাকিম রাস্তা পার হতে গেলে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনার পরপরই স্থানীয় জনতা ধাওয়া দিয়ে ট্রাকটি (ঢাকা-মেট্রো-ড-১২-৬৪০) আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহত মোস্তাকিমের পিতা জুবায়ের হোসেন। তাদের বাড়ি সাতকানিয়া উপজেলায়। জুবায়ের হোসেন ও তার স্ত্রী দু’জনেই একটি লবণ মিলে শ্রমিক হিসেবে কাজ করেন।
তারা দীর্ঘদিন ধরে পটিয়া পৌরসভার মডেল মসজিদের পাশে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুনর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
শিশুটি নিহত হওয়ার খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ না থাকায় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
দ্রুতগতির যান চলাচল নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১