মো: গোলাম কিবরিয়া | রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী নগরীতে দিন দিন বেড়েই চলেছে রিকশার যাত্রীদের লক্ষ্য করে মোটরসাইকেলযোগে ছিনতাইয়ের ঘটনা। এসব ঘটনার প্রধান শিকার হচ্ছেন নারী যাত্রীরা।
নগরীর সিএমবি থেকে টি-বাঁধ সড়ক, লক্ষ্মীপুর থেকে বন্ধ গেট, বিমান চত্বর থেকে নওদাপাড়া, অলিগলি ও তুলনামূলক কম জনবহুল এলাকায় প্রায় প্রতিদিনই ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
ভুক্তভোগীদের অভিযোগ, দুই থেকে তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে চলন্ত রিকশার যাত্রীদের মোবাইল ফোন, মানিব্যাগ, ব্যাগ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। হঠাৎ আক্রমণের কারণে অনেক সময় যাত্রীরা রিকশা থেকে পড়ে গিয়ে আহত হচ্ছেন বলেও জানা গেছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—ছিনতাইয়ের সময় আশপাশে পুলিশের টহল ভ্যান থাকলেও অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক কোনো সহায়তা পাওয়া যাচ্ছে না।
পরে থানায় অভিযোগ জানাতে গেলে সাধারণ ডায়েরি (জিডি) নিতে গড়িমসি কিংবা তদন্তের আশ্বাস দিলেও কার্যকর কোনো অগ্রগতি না পাওয়ার অভিযোগ করছেন ভুক্তভোগীরা। এমনকি সিসিটিভি ক্যামেরা যাচাইয়ের অনুরোধ জানালে অনেক ক্ষেত্রে ক্যামেরা নষ্ট থাকার কথা বলা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, পুলিশের নিয়মিত টহলের অভাব, সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীদের তল্লাশি না করা এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় না আনার কারণে ছিনতাইকারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। এতে করে নগরবাসীর স্বাভাবিক চলাচল দিন দিন অনিরাপদ হয়ে পড়ছে।
নগরবাসীর পক্ষ থেকে অবিলম্বে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পুলিশের টহল জোরদার, সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা নিশ্চিত করা এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১