আব্দুল্লাহ আল মামুন |যশোর প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে যশোর জেলার ছয়টি সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রতীক ‘হাতপাখা’ বরাদ্দ পেয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক গ্রহণ করেন প্রার্থীরা।
প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন— যশোর-১ আসনে আলহাজ্ব বখতিয়ার হোসেন, যশোর-২ আসনে মাষ্টার ইদ্রিস আলী, যশোর-৩ আসনে অধ্যক্ষ মাওলানা শোয়াইব হোসেন, যশোর-৪ আসনে অ্যাডভোকেট বায়েজিদ হোসাইন, যশোর-৫ আসনে জয়নাল আবেদীন টিপু এবং যশোর-৬ (কেশবপুর) আসনে গাজী সহিদুল ইসলাম।
প্রতীক বরাদ্দ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রতীক হাতে পাওয়ার মধ্য দিয়ে যশোরে ইসলামী আন্দোলনের নির্বাচনী কার্যক্রমে নতুন গতি এসেছে বলে জানান সংশ্লিষ্টরা।
এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, “আমাদের আমিরে জামাআতের নির্দেশনা অনুযায়ী ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্যেই আমরা নির্বাচনে অংশ নিয়েছি। ইনশাআল্লাহ শান্তিপূর্ণ পরিবেশে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে জনগণের সমর্থন অর্জন করবো।”
নেতৃবৃন্দ আরও জানান, নির্বাচন কমিশনের সকল বিধি-বিধান মেনে আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা শুরু করা হবে। এরই মধ্যে মাঠপর্যায়ে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১