এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা রোববার (১৮ জানুয়ারি) কুমিল্লা জেলা পুলিশ লাইন্স ড্রিলসেট শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম। সঞ্চালনার দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী।
সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব উপস্থাপন করেন। পুলিশ সুপার মনোযোগসহকারে তাদের কথা শোনেন এবং দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ মেনে চলা, বুদ্ধিমত্তা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দেন।
সভায় গত ডিসেম্বর ২০২৫ মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ারকে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া বিভিন্ন অফিসার ও ফোর্স সদস্যদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অর্থ পুরস্কার প্রদান করা হয়। পুলিশ সুপার ভবিষ্যতে পুরস্কারের পরিমাণ বৃদ্ধির আহ্বান জানান।
কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়া সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১