এ.কে.পলাশ |কুমিল্লা প্রতিনিধিঃ
দীর্ঘ একযুগের নিরবিচ্ছিন্ন পথচলার পর নতুন ঠিকানায় যাত্রা শুরু করেছে কুমিল্লার পাঠকপ্রিয় সংবাদপত্র ‘দৈনিক কুমিল্লার ডাক’।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা (থিরা পুকুর পাড়) প্রাইমারি স্কুলের পেছনে, মুরাদপুর বটতলা সংলগ্ন নতুন কার্যালয়ে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সিরাজুল ইসলাম চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সত্য প্রকাশের দায়ে অতীতে তাকে হামলা-মামলা ও কারাবরণের শিকার হতে হয়েছে।
তবুও অন্যায়ের বিরুদ্ধে কলম কখনো থেমে থাকেনি এবং ভবিষ্যতেও থামবে না। তিনি বলেন, ‘দৈনিক কুমিল্লার ডাক’ কোনো রাজনৈতিক প্রভাব বা পদলেহনের পথে হাঁটেনি, বরং সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিতেই অবিচল থেকেছে।
তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি আত্মত্যাগের পেশা। এই পেশায় ব্যক্তিগত স্বার্থ নয়, বরং সমাজ ও মানুষের কল্যাণকেই প্রাধান্য দিতে হয়।পত্রিকার নাম ব্যবহার করে কখনো অবৈধ সুবিধা গ্রহণ করা হয়নি বলেও তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট শান্তনু হাসান খান, দৈনিক পূর্বাশা পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহ, দৈনিক তরুণ কণ্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি আবু ইউসুফ বাবু, কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক আজকের জীবন-এর কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ নেকবর হোসেনসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিক নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুবদল ও বিএনপির নেতৃবৃন্দ, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। তাঁরা বলেন, নানা প্রতিকূলতা ও দমন-পীড়নের মধ্যেও ‘দৈনিক কুমিল্লার ডাক’ সত্যনিষ্ঠ সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। নতুন কার্যালয় থেকে পত্রিকাটির ভূমিকা আরও শক্তিশালী ও দায়িত্বশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে নতুন কার্যালয় পরিদর্শন করেন বিএনপি নেতা বদরুল হাসান রাব্বু। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক কুমিল্লার ডাকের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন চৌধুরী সুমন।
বক্তারা বলেন, এটি কেবল একটি কার্যালয়ের উদ্বোধন নয়; বরং সত্য, সাহস ও নৈতিক সাংবাদিকতার প্রতি নতুন অঙ্গীকার। নতুন ঠিকানা থেকে ‘দৈনিক কুমিল্লার ডাক’ সমাজের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে আরও উচ্চকিত কণ্ঠে কথা বলবে—এমন প্রত্যাশা সচেতন মহলের।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া