রাঙ্গামাটিতে কাঠবোঝাই একটি মিনি পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে রাঙ্গামাটি শহরের আসামবস্তি–কাপ্তাই সড়কের কামিলাছড়ি মগবান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মগবান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামিলাছড়ি এলাকার বাসিন্দা সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। আহত শ্রমিকের নাম বিনয় চাকমা (৩৫)। হতাহত তিনজনই কাঠ পরিবহনের কাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঢালু সড়ক বেয়ে উপরে উঠতে গিয়ে কাঠবোঝাই মিনি পিকআপটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে গাড়িটি পিছনের দিকে গড়িয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা শ্রমিকরা নিচে চাপা পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন। আহত শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর খান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই মিনি পিকআপটির চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া