মোঃ জাকারিয়া হোসেন | কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে কুড়িগ্রাম সদরে অবস্থিত একটি ইটভাটার মালিককে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ জানুয়ারি) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের বাঞ্চারাম এলাকায় অবস্থিত মেসার্স জিএম ব্রিকস নামক ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইট প্রস্তুতের উদ্দেশ্যে কৃষিজমির উপরিভাগের মাটি অবৈধভাবে সংগ্রহের প্রমাণ পাওয়ায় ভাটার মালিককে চার লাখ (৪,০০,০০০) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
এ সময় জেলা পুলিশের একদল সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ইটভাটা এবং পরিবেশ আইন লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া