পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা মৌজায় জবরদখল থেকে প্রায় দুই একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। দীর্ঘদিন ধরে দখলচেষ্টায় থাকা এই বনভূমি উদ্ধারকে বন উজাড় প্রতিরোধে একটি বড় সাফল্য হিসেবে দেখছেন স্থানীয় পরিবেশবিদরা।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের অধীন ফাঁসিয়াখালী রেঞ্জের কাকারা বনবিট বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ বাদশার টেক এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধার হওয়া বনভূমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছে বনবিট কর্তৃপক্ষ।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মারুফ হোসেন ও ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা ছাদেকুর রহমানের নির্দেশনায় কাকারা বনবিট কর্মকর্তা মো. সাউদ যাহীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি কমিউনিটি পেট্রোল গ্রুপ (সিপিজি) সদস্যরাও অংশ নেন।
বনবিট সূত্রে জানা যায়, কাকারা মৌজার সংরক্ষিত বনভূমির আরএস দাগ নং–৪৮৫০-এর আওতাধীন দুই একর জমি দীর্ঘদিন ধরে জবরদখলের মাধ্যমে বৃক্ষ নিধন ও বন উজাড়ের মারাত্মক ঝুঁকিতে ছিল। উচ্ছেদ অভিযানের মাধ্যমে জমিটি সম্পূর্ণ দখলমুক্ত করে পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে আনা হয়েছে।
পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন, এই বনভূমি শুধু আর্থিক সম্পদ নয়; এটি স্থানীয় বন্যপ্রাণী, প্রাকৃতিক ভারসাম্য ও জলবায়ু সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দখল অব্যাহত থাকলে এলাকার জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়ত।
কাকারা বনবিট কর্মকর্তা মো. সাউদ যাহীন বলেন, “বনভূমি রক্ষা করা মানেই পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা। যারা বনভূমি দখলের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা ছাদেকুর রহমান জানান, সংরক্ষিত বনভূমি রক্ষায় নিয়মিত অভিযান চলবে এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান চলাকালে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। একই সঙ্গে বনভূমি দখলের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১