এস এম মামুন | যশোর প্রতিনিধি:
যশোরের মণিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোতাহিরুল ইসলাম রিয়াদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে পুনরায় আহ্বায়ক পদে বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি।
আবেদনের পরিপ্রেক্ষিতে দীর্ঘ যাচাই-বাছাই শেষে সোমবার (৫ জানুয়ারি) সকালে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৬ মার্চ মণিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোতাহিরুল ইসলাম রিয়াদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির মোঃ শাহীন আলমকে হেনস্তার অভিযোগ ওঠে। অভিযোগের প্রাথমিক সত্যতার ভিত্তিতে পরদিন ৭ মার্চ যুবদলের কেন্দ্রীয় কমিটি তাঁকে বহিষ্কার করে।
দীর্ঘদিন ছাত্রদলের নেতৃত্বে সক্রিয় থাকার পর যুবদলের দায়িত্ব পান রিয়াদ। তাঁর বহিষ্কারাদেশ ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকরা রিয়াদের বহিষ্কারের ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।
সোমবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় আহ্বায়ক পদে বহালের খবরে ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া