মাইনুল ইসলাম রাজু | বরগুনা প্রতিনিধি:
যাত্রীবাহী বাসের মতো দেখতে হলেও এটি যাত্রী নয়, বহন করছে প্রযুক্তি ও কম্পিউটার। উচ্চগতির ইন্টারনেট সংযোগসমৃদ্ধ এই ভ্রাম্যমাণ যানটিকে স্থানীয়রা আদর করে ডাকছেন ‘কম্পিউটার গাড়ি’।
যুব সমাজকে প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে তুলতে বরগুনার আমতলী উপজেলায় এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।
‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপলস অব বাংলাদেশ (টেকাব) শীর্ষক কারিগরি সহায়তায় প্রকল্প-২ এর আওতায় কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত হচ্ছে।
এরই অংশ হিসেবে সোমবার সকাল থেকে আমতলী উপজেলায় শুরু হয়েছে এ প্রশিক্ষণ কার্যক্রম।
সোমবার (তারিখ) সকাল ১০টায় আমতলী উপজেলা পরিষদের হলরুমে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
বরগুনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাবুদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনার সহকারী পরিচালক মো. মোজাম্মেল হক ও সাংবাদিক মো. জাকির হোসেন।
উদ্বোধনের পর সরেজমিনে দেখা যায়, ভ্রাম্যমাণ কম্পিউটার গাড়িতে একসঙ্গে নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য রয়েছে পৃথক ল্যাপটপ। প্রশিক্ষক মো. ফারুক আহম্মেদ রিজবী তাদের কম্পিউটারের মৌলিক বিষয়, ইন্টারনেট ব্যবহারসহ আধুনিক প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছেন। গাড়িতে বসে সরাসরি কাজ শেখার সুযোগ পেয়ে প্রশিক্ষণার্থীরা দারুণ উচ্ছ্বসিত।
প্রশিক্ষণার্থী হৃদয় চন্দ্র শীল ও মো. আব্দুল্লাহ জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে তারা অত্যন্ত আনন্দিত। কম্পিউটার শিক্ষা অর্জনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে নিজেদের যুক্ত করতে চান তারা।
আমতলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত) কবির আহমেদ বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ করে গড়ে তোলা হবে, যাতে তারা আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব থেকে মুক্ত হতে পারেন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারলে বেকারত্ব দূর করা সম্ভব হবে। এ লক্ষ্যেই ভ্রাম্যমাণ গাড়িতে কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে জনগণকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা যাবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া