কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২জানুয়ারি) বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় হামিদুর রহমান আজাদ তার বিরুদ্ধে থাকা ৭২টি মামলার তথ্য উল্লেখ করেন। এর মধ্যে ৭০টি মামলায় তিনি খালাস, অব্যাহতি অথবা মামলা প্রত্যাহারের আদেশ পেয়েছেন। তবে দুটি মামলা এখনো বিচারাধীন রয়েছে।
চলমান মামলাগুলোর একটি বিস্ফোরক দ্রব্য আইনে ঢাকার সিএমএম আদালতে দায়ের করা হয়, যা বর্তমানে হাইকোর্ট কর্তৃক স্থগিত রয়েছে। অপর মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দায়েরকৃত আদালত অবমাননার মামলা, যা বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন।
রিটার্নিং কর্মকর্তা জানান, চলমান মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় ও উপযুক্ত নথিপত্র উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় নির্বাচন বিধিমালা অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।
এ বিষয়ে স্থানীয় জামায়াত নেতারা জানান, তারা যথাযথ কাগজপত্র সংযুক্ত করে নির্বাচন কমিশনে আপিল করবেন। তাদের দাবি, আইনি প্রক্রিয়ায় বিষয়টি নিষ্পত্তি হবে এবং এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া