রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৫নং ঝালুকা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্দ্ধনপুর গ্রামে খোলা বাতির আগুনে এক দরিদ্র পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মর্মান্তিক এ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি, হারিয়েছে জীবনের সঞ্চিত সবকিছু।
ভুক্তভোগী পরিবারের সদস্য মোঃ বদের আলী (পিতা: আলহাজ্ব মোঃ ইব্রাহিম আলী) জানান, সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে ঘরের ভেতরে জ্বালানো একটি মোমবাতি থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরের সব আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
আগুনের ঘটনা টের পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়দের ভাষ্যমতে, পরিবারটি অত্যন্ত দরিদ্র হওয়ায় ক্ষয়ক্ষতির ধাক্কা তাদের জীবনে মারাত্মক প্রভাব ফেলেছে। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া