এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
গত ২৪ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হলেও বিষয়টি প্রকাশ্যে আসে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে। শনিবার (২৭ ডিসেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার রমজানুল করিম নামের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্রের রেজিস্ট্রার অনুযায়ী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বর্তমান ঠিকানা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এলাকা এবং স্থায়ী ঠিকানা কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর গ্রাম উল্লেখ করা হয়েছে। তিনি মুরাদনগর উপজেলারই সন্তান
এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক বলেন, আসিফ মাহমুদ আমাদের কাছে জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। সেই অনুযায়ী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আশাবাদী, তিনি মুরাদনগর আসন থেকেই নির্বাচনে অংশ নেবেন।
তিনি আরও বলেন, জোটগত রাজনীতিতে হঠাৎ কোনো নাটকীয় সিদ্ধান্ত আসতে পারে। সে কারণেই একাধিক আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত ১০ ডিসেম্বর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। ইতোমধ্যে তিনি ওই আসনে ভোটার হয়েছেন এবং প্রচারণাও চালাচ্ছেন। তবে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে তার প্রার্থিতা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১