মোহাম্মদ আলী | হরিরামপুর,মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দুর্গম চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। লেছড়াগঞ্জ, সুতালড়ি ও আজিমনগরসহ চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষ চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছে।
গত ২২ ডিসেম্বর থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহ মানিকগঞ্জ জুড়ে তীব্র আকার ধারণ করেছে। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা না মেলায় হাড়কাঁপানো শীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সকাল ও সন্ধ্যায় কুয়াশার ঘনত্ব বেশি থাকায় মানুষের চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
শীতের প্রকোপে অনেকেই খোলা জায়গায় আগুন জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করছেন। এমন দৃশ্য দেখা গেছে হরিরামপুর উপজেলার খালপাড় বয়ড়া ইউনিয়ন পরিষদের সামনেও। দিনমজুর ও খেটে খাওয়া মানুষ কাজের অভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চাষাবাদ ও নিত্যদিনের কাজকর্মে ব্যাঘাত ঘটায় আয় কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
এবছর শীতের তীব্রতা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি বলে দাবি করছেন চরাঞ্চলের বাসিন্দারা। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থরা চরম ঝুঁকিতে রয়েছেন। শীতবস্ত্রের অভাবে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে।
খলিলপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও হরিরামপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ সাব্বির হোসেন বলেন, কয়েকদিন ধরে তীব্র শীত ও ঘন কুয়াশায় চরাঞ্চলের জনজীবন বিপর্যস্ত। সূর্যের দেখা না মেলায় নিম্ন আয়ের মানুষের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) হরিরামপুর উপজেলা শাখার সভাপতি ও হরিরামপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী বলেন, তীব্র শীত প্রবাহে কর্মজীবী নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহায়তা প্রয়োজন।
সচেতন মহল দ্রুত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও মানবিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া