মঈনউদ্দিন| চট্টগ্রাম প্রতিনিধি:
লাশের বাংলাদেশ নয়, মানবতার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের পক্ষে চট্টগ্রামে একই পরিবারের স্বামী ও স্ত্রীকে পৃথক দুটি সংসদীয় আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকারে চট্টগ্রাম জেলার বিভিন্ন আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং–হালিশহর–পাহাড়তলী) আসনে দলটির মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবিনা খাতুন সাব্বি (Sabina Khatun Sabbi)। অপরদিকে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে মনোনয়ন পেয়েছেন এমদাদ সায়ীফ। তাঁরা দু’জন একই পরিবারের স্বামী-স্ত্রী।
মনোনয়ন ফর্ম সংগ্রহকালে চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনের প্রার্থী এমদাদ সায়ীফ বলেন, “স্থিরচিত্র ও ভিডিও ক্লিপের মাধ্যমে অপরাধী শনাক্ত করে আইনের আওতায় আনার দীর্ঘদিনের দাবি এখন কিছুটা দৃশ্যমান হয়েছে। এই কার্যক্রম আরও জোরদার করতে হবে। পাশাপাশি সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান প্রয়োজন।”
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, “আর নয় স্বৈরতা ও রুদ্ধতা—সবার কণ্ঠে মানবতা। স্বৈর রাজনীতি ও ভোট ডাকাতির কৌশলে বারবার প্রতারিত হয়েছে জনগণ। মানবতার রাজনীতি প্রতিষ্ঠাই স্বৈরতার বিদায়ের একমাত্র পথ।”
চট্টগ্রাম-১০ আসনের মনোনীত প্রার্থী সাবিনা খাতুন সাব্বি বলেন, “ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সব মানুষের জন্য মানবতার বার্তা নিয়ে এসেছেন। আমরা বিশ্বাস করি, সৎ, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ প্রশাসনের মাধ্যমেই একটি নিরাপদ রাষ্ট্র গড়া সম্ভব।”
এছাড়া ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় চট্টগ্রামসহ বিভিন্ন আসনে মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—চট্টগ্রাম-১ মিরসরাইয়ে রেজাউল করিম, চট্টগ্রাম-২ ফটিকছড়িতে গিয়াস উদ্দিন, চট্টগ্রাম-৫ হাটাজারীতে আব্দুল বারেক, চট্টগ্রাম-৯ কোতোয়ালীতে শেখ নঈম উদ্দিন, চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গায় ইঞ্জিনিয়ার আজিজ মিয়া, চট্টগ্রাম-১২ পটিয়ায় আবু তালেব সারতাজ, চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলীতে আল্লামা রেজাউল কাওসার, চট্টগ্রাম-১৪ চন্দনাইশে হাফেজ ইলিয়াছ শাহ এবং পার্বত্য খাগড়াছড়ি থেকে নুর ইসলাম (শামীম শাহ)।
ব্রিফিংকালে নেতৃবৃন্দ বলেন, দলমত নির্বিশেষে সবাইকে মানবতার রাজনীতিতে ঐক্যবদ্ধ হয়ে আপেল প্রতীকে ভোট দিয়ে ইনসাফভিত্তিক মানবতার রাষ্ট্র গড়ার আহ্বান জানান।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া