ইমন রহমান | ভোলা জেলা প্রতিনিধি:
সাংবাদিক নন এমন ব্যক্তিদের ভোলা প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার অভিযোগে বর্তমান আহ্বায়ক কমিটির পদত্যাগের দাবিতে ভোলায় পেশাদার সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ৩টায় ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত প্রায় অর্ধশতাধিক পেশাদার সাংবাদিক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি প্রকাশিত ভোলা প্রেসক্লাবের নতুন সদস্য তালিকা প্রণয়নের ক্ষেত্রে সংগঠনের গঠনতন্ত্র উপেক্ষা করা হয়েছে।তালিকায় দীর্ঘদিন ধরে পেশাদার সাংবাদিকতায় নিয়োজিত সাংবাদিকদের মতামত ও প্রতিনিধিত্ব যথাযথভাবে প্রতিফলিত হয়নি। এতে সাংবাদিক সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি হচ্ছে এবং ভোলা প্রেসক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।
বক্তারা আরও বলেন, একটি ঐতিহ্যবাহী ও মর্যাদাসম্পন্ন সংগঠন হিসেবে ভোলা প্রেসক্লাবের নেতৃত্ব নির্ধারণে স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও পেশাদারিত্ব অপরিহার্য। কিন্তু বর্তমান আহ্বায়ক কমিটি সেই মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে।
মানববন্ধন থেকে অবিলম্বে বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিল করে সকল পেশাদার সাংবাদিকদের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য ও নির্বাচিত কমিটি গঠনের জোর দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন এসএ টিভির ভোলা প্রতিনিধি বিল্লাল হোসেন, গ্লোবাল টেলিভিশনের ভোলা প্রতিনিধি অনিক আহমেদ, দৈনিক ঢাকা-এর ভোলা প্রতিনিধি আব্দুল কাদের লিটন, দৈনিক নবচেতনার ভোলা প্রতিনিধি মোহাম্মদ আলী, দৈনিক মতবাদের ভোলা প্রতিনিধি জাকির হোসেন পারভেজ, দৈনিক সকালের সময়ের ভোলা প্রতিনিধি আশিকুর রহমান শান্ত, দৈনিক ভোরের চেতনার ভোলা প্রতিনিধি আরিফুল ইসলাম, দৈনিক প্রভাতী বাংলাদেশের ভোলা প্রতিনিধি আব্দুর রহমান ইমন, দৈনিক বাংলাদেশ এক্সপ্রেসের ভোলা প্রতিনিধি সোলায়মান মামুন, দৈনিক এ বাংলার ভোলা প্রতিনিধি মাকসুদুর রহমান, দৈনিক আলোর জগতের ভোলা প্রতিনিধি মিলি সিকদার, ভোলা পোস্টের সিইও সোহেল রানাসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া