জবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে ২১ দফা ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’।
আগামী ১২ মাসের মধ্যে শিক্ষার্থীদের মৌলিক সমস্যা সমাধান ও ক্যাম্পাস সংস্কার বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এ ইশতেহার ঘোষণা করা হয়।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলামের মাধ্যমে ইশতেহার পাঠের সূচনা হয়। পরে প্যানেলের অন্যান্য প্রার্থীরা পর্যায়ক্রমে পুরো ইশতেহার উপস্থাপন করেন।
২১ দফা ইশতেহারের উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে—স্বপ্নের দ্বিতীয় ক্যাম্পাস দ্রুত বাস্তবায়ন, আবাসন সংকট নিরসন, বর্তমান ক্যাম্পাসের ঐতিহ্য সংরক্ষণ ও আধুনিকায়ন, নিরাপদ ও সহিংসতামুক্ত ক্যাম্পাস নিশ্চিতকরণ, বিশ্বমানের ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা, গবেষণা ও উচ্চশিক্ষার প্রসার, শিক্ষার্থীবান্ধব লাইব্রেরি ও সেমিনার সুবিধা বৃদ্ধি।
এছাড়া নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, ছাত্রী হলের সুযোগ-সুবিধা বৃদ্ধি, ন্যায্যমূল্যে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণ, টিএসসির আধুনিকায়ন, পরিবহন সেবা সম্প্রসারণ, খেলাধুলা ও শরীরচর্চা জোরদার করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
ইশতেহারে র্যাগিং, সাইবার বুলিং, মাদক ও সব ধরনের শারীরিক-মানসিক নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করা হয়। শিক্ষার মানোন্নয়নে আউটপুট বেজড এডুকেশন (OBE) কারিকুলাম, পেপারলেস প্রশাসন, উচ্চগতির ইন্টারনেট এবং অনলাইনে পরীক্ষার ফল প্রকাশের অঙ্গীকার করা হয়।
নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা অ্যাপ, নারী নিরাপত্তা সেল, ডে-কেয়ার সেন্টার, মানসিক স্বাস্থ্যসেবা, এক্সেসিবল ক্যাম্পাস এবং বৃত্তি সুবিধা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়।
ক্যারিয়ার উন্নয়নে জব ফেয়ার, স্টার্টআপ সামিট, পার্ট-টাইম কাজের সুযোগ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জকসুর মাসিক কার্যক্রম অনলাইনে প্রকাশের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি ও ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, “আমরা রাজনীতি নয়,নীতি ও ন্যায়ের ভিত্তিতে শিক্ষার্থীবান্ধব ঐক্য গড়ে তুলতে চাই।”
জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ বলেন, “১২ মাসের মধ্যে ২১ দফা বাস্তবায়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া