মোঃ শফিকুল ইসলাম তুহিন|বান্দরবান প্রতিনিধি:
“মন ভালো তো সব ভালো”—এই প্রতিপাদ্যে বান্দরবানের লামা উপজেলায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে জাতিসংঘ ঘোষিত বিশ্ব মেডিটেশন দিবস।
রোববার (২১ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের পরপরই কুয়াশাস্নাত কোয়ান্টাম আরোগ্যশালায় হাজারো ধ্যানীর প্রাণবন্ত উপস্থিতিতে শুরু হয় দিবসটির কার্যক্রম। এতে কোয়ান্টামের সকল পর্যায়ের কর্মী, শিক্ষার্থী, অতিথি ও স্থানীয় প্রতিবেশীরা অংশগ্রহণ করেন।
সমস্বরে তিনটি প্রত্যয়ন বাক্য পাঠের মাধ্যমে দিনের সূচনা হয়। প্রত্যয়নগুলো হলো—
“ভালো ভাবব,ভালো বলব,ভালো করব,ভালো থাকব”,
“ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ”
এবং “প্রতিটি কাজ আমি সবচেয়ে ভালোভাবে করব।”
কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারী তার অডিও শুভেচ্ছা বাণীতে বলেন, শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরস্পরের পরিপূরক। সার্বিকভাবে সুস্থ থাকতে হলে মন ভালো রাখা অত্যাবশ্যক, আর মন ভালো রাখার অন্যতম কার্যকর মাধ্যম হলো মেডিটেশন।
কোয়ান্টাম মেথডের উদ্ভাবক ও প্রশিক্ষক শহীদ আল বোখারী মহাজাতক বিশেষ অডিও আলোচনায় বলেন, ব্যক্তি মনের প্রশান্তিই পরিবার, সমাজ ও বিশ্বে শান্তির ভিত্তি। ওষুধ, থেরাপি বা ইনজেকশন যা পারে না—মেডিটেশন যুগ যুগ ধরে সে কাজটি করে আসছে।
আধুনিক ডিজিটাল জীবনে মানুষের মন উদ্বেগ,উৎকণ্ঠা, বিষণ্ণতা ও অনিশ্চয়তায় আক্রান্ত হচ্ছে, যা শতকরা ৭৫ ভাগ রোগের জন্য দায়ী। এসব মনোদৈহিক রোগ থেকে মুক্তির পথ দেখায় মেডিটেশন।
আরোগ্যশালার মঞ্চ ও বর্ণিল পাথরের ওপর বসে সব বয়সী নারী-পুরুষ ও শিশুরা গাইডেড মেডিটেশনে অংশ নেন। ধ্যানের মাধ্যমে মনের অস্থিরতা দূর করে অপূর্ব প্রশান্তির অনুভূতিতে আপ্লুত হন অংশগ্রহণকারীরা।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বসম্মত প্রস্তাবে ২১ ডিসেম্বরকে বিশ্ব মেডিটেশন দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় কোয়ান্টাম ফাউন্ডেশন ২০২৫ সালকে ঘোষণা করেছে ‘দ্য ইয়ার অব মেডিটেশন’।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১