এ.কে পলাশ| কুমিল্লা প্রতিনিধিঃ
জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় পর্যায়ে সাংবাদিকরা অনেক বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক ও আন্তর্জাতিক বিশ্লেষক ড. ইমরান আনসারী। তিনি বলেন, সীমিত সুযোগ-সুবিধা ও সামান্য সম্মানীর মধ্যেও স্থানীয় সাংবাদিকরা সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, অথচ তারাই সবচেয়ে বেশি অবহেলা ও ঝুঁকির সম্মুখীন হন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. ইমরান আনসারী বলেন, “একজন জীবিত হাদির চেয়ে একজন শহীদ হাদি কয়েক গুণ বেশি শক্তিশালী হয়ে উঠেছে।”
তিনি উল্লেখ করেন, কিছুদিন আগেও সাংবাদিক হাদি একাই আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, কিন্তু তার মৃত্যুকে কেন্দ্র করে আজ সারাদেশের মানুষ সেই আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, একটি শক্তিশালী ও সচেতন নাগরিক সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকদের দায়িত্ব শুধু সংবাদ প্রকাশ নয়, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষা, সত্য তুলে ধরা এবং সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখা। তিনি বলেন, “গণমাধ্যম ও গণতন্ত্র রেললাইনের মতো—দুটো একসঙ্গে চললেই রাষ্ট্র সঠিক পথে এগিয়ে যায়।”
ড. ইমরান আনসারী সতর্ক করে বলেন, সংবাদ পরিবেশনে তথ্যের ঘাটতি ও অপেশাদারিত্ব সমাজে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই সাংবাদিকদের আরও দায়িত্বশীল, সচেতন ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি সাংবাদিকদের সব সময় দুর্বল ও মজলুম মানুষের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।
আলোচনায় তিনি সাংবাদিক হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি হাদির মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “মব দিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা একটি অসুস্থ ও বিপজ্জনক সমাজব্যবস্থার লক্ষণ।”
উল্লেখ্য, ড. ইমরান আনসারী দীর্ঘ ১৩ বছর যুক্তরাষ্ট্রে বসবাসকালে ফ্যাসিবাদ ও দমনমূলক রাষ্ট্রব্যবস্থা নিয়ে একাধিক প্রবন্ধ ও গ্রন্থ রচনা করেন। সম্প্রতি দেশে ফিরে তিনি গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার পক্ষে সক্রিয় ভূমিকা রাখছেন।
বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া