এ.কে পলাশ|কুমিল্লা প্রতিনিধি:বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন,দলীয় মনোনয়ন প্রক্রিয়া নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।“মেয়ে দেখা মানেই যেমন বিয়ে ফাইনাল হয়ে যায় না, তেমনি প্রাথমিক সিলেকশন মানেই চূড়ান্ত নমিনেশন নয়।”
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা, কুমিল্লা নিয়ে হাজী ইয়াছিনের স্বপ্ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘ ৩৩ বছর ধরে আমি আপনাদের পাশে আছি। সাবেক মন্ত্রী মরহুম কর্নেল আকবর হোসেন জীবদ্দশায় বলে গিয়েছিলেন—‘আমার পরে ইয়াছিন আপনাদের পাশে থাকবে।’ সেই কথার সাক্ষী আপনারাই।
হাজী ইয়াছিন বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের টানা ১৭ বছরের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা মামলা,নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। অনেকেই বাড়িতে থাকতে পারেননি। সেই কঠিন সময়েও আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবো।
নমিনেশন প্রসঙ্গে তিনি বলেন, এটি ছিল প্রাথমিক সিলেকশন। ফাইনাল সিদ্ধান্ত হবে সামনে। দলের চেয়ারম্যান বারবার বলেছেন—চূড়ান্ত সিলেকশন তখনই হবে, যখন দল ও জনগণের মতামত বিবেচনায় নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কখনো জোর করে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না। জনগণের ভোটই বিএনপির শক্তি। এই ছয়টি নির্বাচনী এলাকার জনগণ যা চাইবে, সেটাই হবে—ইনশাল্লাহ জনতার জয় হবেই।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া