মোঃ মশিউর রহমান বিপুল|কুড়িগ্রাম প্রতিনিধি:
একটি সড়ক—আর তাতেই বদলে যেতে পারে লক্ষাধিক চরবাসীর জীবনমান। দীর্ঘদিনের যোগাযোগ বিচ্ছিন্নতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার বঞ্চনা কাটিয়ে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে।
আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস-এর তত্ত্বাবধানে ভোগডাঙ্গা ইউনিয়নের বটতলা থেকে টেংরারভিটা পর্যন্ত ২ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ একটি কাঁচা সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে।ভবিষ্যতে এই সড়ক পাকা সড়কে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে।
এই সড়ক বাস্তবায়নের খবরে দুধকুমার ও ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ,নুনখাওয়া ও নারায়ণপুর ইউনিয়নের লক্ষাধিক মানুষ আশার আলো দেখছেন। এতদিন যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার কারণে শিক্ষা, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় কাজে জেলা শহরে যাতায়াত ছিল অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রকল্পটির অর্থায়ন করছে ডব্লিউএফপি এবং বাস্তবায়নে সহযোগিতা করছে আরডিআরএস। প্রকল্পটি বাস্তবায়ন করছে ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ। দাতা সংস্থার নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে কাঁচা সড়কের নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, গত ১৬ নভেম্বর ২০২৫ থেকে সড়ক নির্মাণকাজ শুরু হয়েছে। তিনি বলেন,“এই সড়ক শুধু আমার ইউনিয়নের প্রায় ৮০ হাজার মানুষের জন্য নয়, বরং নদীবেষ্টিত নাগেশ্বরী উপজেলার বিভিন্ন এলাকার লক্ষাধিক চরবাসীর জীবনযাত্রা সহজ করবে।”
তিনি আরও বলেন,“যোগাযোগ ব্যবস্থা না থাকায় অতীতে গর্ভবতী নারীকে বাঁশের ভারে করে নিয়ে যেতে হয়েছে, এমনকি পথেই সন্তান প্রসবের ঘটনাও ঘটেছে। এই সড়ক হলে এমন অমানবিক পরিস্থিতির অবসান ঘটবে।”
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান (৬০) বলেন,“বন্যার সময় চারদিকে পানি থৈথৈ করে। তখন নৌকা বা কলাগাছের ভেলা ছাড়া উপায় থাকে না। এই রাস্তা হলে আমাদের দুর্ভোগ অনেকটাই কমবে।”
ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, এলাকার লেকগুলো সংস্কার করে পর্যটনের উপযোগী করা গেলে এই সড়ককে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে। কৃষকরা সহজে তাদের উৎপাদিত ফসল ও গবাদিপশু শহরে নিয়ে বিক্রি করতে পারবেন।
কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন,“চরের জীবনমান উন্নয়ন ছাড়া কুড়িগ্রামের দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। এই সড়ক বাস্তবায়িত হলে লক্ষাধিক মানুষ যোগাযোগ ব্যবস্থায় স্বস্তি পাবে।” তিনি জানান, প্রায় ৯৯ লাখ টাকা ব্যয়ে সড়কটির মাটির কাজ শুরু হয়েছে এবং এর প্রস্থ হবে ১২ ফুট ও উচ্চতা ৬ ফুট।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১