মোঃ ইব্রাহিম হাওলাদার|পিরোজপুর প্রতিনিধিঃ
কনকনে শীত আর হিমেল বাতাস উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী হাফ ম্যারাথন। ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটি (বিআরসি)-এর আয়োজনে শনিবার (ভোর ৫টা ৩০ মিনিট) ব্রাহ্মণবাড়িয়া শহরের তিতাস নদীর প্রথম সেতু এলাকা থেকে শুরু হয় এই ম্যারাথন দৌড়।
দেশের বিভিন্ন জেলা ও বিদেশ থেকে আগত মোট ৩৫০ জন দৌড়বিদ এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় তরুণ-তরুণীদের পাশাপাশি বয়স্ক ও শিশুরাও অংশ নেয়, যা আয়োজনে বাড়তি প্রাণ যোগ করে। প্রচণ্ড শীতের মধ্যেও দৌড়বিদদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
আয়োজক সূত্রে জানা যায়, ম্যারাথনে চারটি ক্যাটাগরিতে দৌড় অনুষ্ঠিত হয়—২ কিলোমিটার,৫ কিলোমিটার,১০ কিলোমিটার এবং ২১ কিলোমিটার (হাফ ম্যারাথন)। ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে দৌড়বিদরা নদীর প্রথম সেতু এলাকায় জড়ো হন। সকাল ৬টায় সর্বপ্রথম ২১ কিলোমিটার দৌড় শুরু হয়,যা গন্ধব্যপুরের দিকে অগ্রসর হয়।এরপর পর্যায়ক্রমে ১০ কিলোমিটার,৫ কিলোমিটার এবং সর্বশেষ শিশুদের ২ কিলোমিটার দৌড় অনুষ্ঠিত হয়।
২১ কিলোমিটার দৌড়ে অংশ নেন মোট ৬৫ জন দৌড়বিদ—এর মধ্যে পুরুষ ৬৪ জন ও নারী ১ জন। ১০ কিলোমিটার দৌড়ে অংশগ্রহণ করেন ১৬৮ জন, যার মধ্যে পুরুষ ১৬৬ জন ও নারী ২ জন। ৫ কিলোমিটার দৌড়ে অংশ নেন ৭৪ জন (পুরুষ ৬৪ জন ও নারী ১০ জন)। এছাড়া ২ কিলোমিটার শিশু দৌড়ে অংশ নেয় ৪৩ জন শিশু।
স্থানীয় বাসিন্দারা জানান, এমন আয়োজন ব্রাহ্মণবাড়িয়ায় খেলাধুলা ও সুস্থ জীবনধারার প্রতি আগ্রহ বাড়াবে। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের ম্যারাথন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১