মাহিদুল ইসলাম ফরহাদ|চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা নিয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সুজন—সুশাসনের জন্য নাগরিক, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে সদর উপজেলা পরিষদ হলরুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’—এই প্রতিপাদ্যে আয়োজিত গোলটেবিল বৈঠকে নির্বাচন ব্যবস্থা সংস্কার, গণতান্ত্রিক উত্তরণ, নাগরিক দায়িত্ব ও সুশাসন প্রতিষ্ঠার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন সুজন—সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আসলাম কবীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোঃ মনোয়ার হোসেন জুয়েল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুজন—সুশাসনের জন্য নাগরিক রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মোঃ মিজানুর রহমান।
এছাড়াও গোলটেবিল বৈঠকে মতামত উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ ইশাহাক, মাওলানা মোঃ মুক্তার আলী, শিক্ষক শাহ নাজিম, ঠিকাদার মোঃ সজিব, সুমাইয়া ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ সম্ভব নয়। এজন্য নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা, রাজনৈতিক সংস্কার এবং নাগরিকদের দায়িত্বশীল ও সচেতন ভূমিকা অপরিহার্য। তারা আরও বলেন, গণতন্ত্র রক্ষায় নাগরিক সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগ সময়ের দাবি।
গোলটেবিল বৈঠকে উপস্থিত নাগরিক সমাজের প্রতিনিধিরা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১