
বরিশালে ভুয়া সাংবাদিক পরিচয়ে ব্ল্যাকমেইল ও চাঁদা আদায়ের অভিযোগে দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগে মোঃ মামুন রেদোয়ান ও জাহাঙ্গীর মোল্লাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
টানা কয়েক মাস ধরে ১৫–২০ জনের একটি চক্র নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে শহরের বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে আসছিল বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি হাসপাতাল রোডের ব্যবসায়ী মোঃ লিয়াকত আলী খন্দকার ভুয়া সাংবাদিকদের ব্ল্যাকমেইলের শিকার হন।
তিনি জানান, চলতি মাসের ৬ ডিসেম্বর মামুন রেদোয়ান তার কাছে সাংবাদিক পরিচয়ে গোপন একটি ভিডিও আছে বলে দাবি করে এবং তা প্রকাশের ভয় দেখিয়ে এক লক্ষ টাকা দাবি করে। ৭ ডিসেম্বর দোকানে এসে কোনো প্রমাণ দেখাতে না পারলেও ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা আদায় করে। পরদিন আবার ৮০ হাজার টাকা দাবি করলে বিষয়টি স্থানীয় ব্যবসায়ী ও প্রকৃত সাংবাদিকদের জানান তিনি।
নির্ধারিত সময়ে ভুক্তভোগী ও স্থানীয়রা দোকানে অবস্থান নিলে ভুয়া সাংবাদিক চক্রের দুই সদস্য সেখানে আসে। পরে ক্ষুব্ধ জনতা তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ সময় উপস্থিত আরেক ভুক্তভোগী হাওয়া বেগম জানান, চলতি মাসের ৪ ডিসেম্বর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে তার দুই লক্ষ টাকার স্বর্ণালংকার নিয়ে যায় মামুন।
এ বিষয়ে সাংবাদিক নেতা মামুনুর রশীদ নোমানী বলেন, সাংবাদিক পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে চক্রটি নির্মূল করা হবে।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন–উল–ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া