রাজশাহী নগরীতে র্যাব-৫ এর একটি অভিযানিক দলের সদস্যদের লাঞ্ছিত করে আলী নামের এক চিহ্নিত মাদক কারবারীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সৈকত ও তার বাহিনীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে বোয়ালিয়া মডেল থানার খরবোনা রিভারইন ছাত্রাবাসের বিপরীত পাশের মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে শত শত মানুষের উপস্থিতিতে রাস্তায় ব্লক তৈরি করে র্যাব সদস্যদের গাড়ি থামিয়ে এই ঘটনাটি সংঘটিত হয়।
ঘটনার সময় উৎসুক জনতা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি এলাকায় ব্যাপক সমালোচনার জন্ম দেয়। প্রশাসনিক সক্ষমতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে জনমনে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের মতে, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর প্রশাসনের ওপর হামলা এখন ঘন ঘন ঘটছে। পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা নতুন নয়, তবে রাজশাহীতে র্যাব সদস্যদের হাত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা এই প্রথম।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, নগরীর পাড়া-মহল্লার বিভিন্ন গলিতে ভয়াবহ হারে মাদকের বিস্তার ঘটেছে। তরুণ-যুবক ও শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশ মাদকাসক্ত হয়ে পড়ছে। এর ফলে অভিভাবকদের উদ্বেগ প্রতিনিয়ত বেড়েই চলেছে। তারা আরও বলেন, আলী নামের এই আসামির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তিনি এলাকার কুখ্যাত মাদক কারবারী হিসেবে পরিচিত। এমন একজনকে র্যাবের কাছ থেকে ছিনিয়ে নেওয়া এলাকায় আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি করেছে।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে র্যাব-৫-এর অভিযানিক দলের সদস্য নূর-এ আলম জানান, “স্যারের সাথে কথা বলছি। ঘটে যাওয়া ঘটনার বিষয়ে পরে জানাচ্ছি।” এরপর তিনি ফোন কেটে দেন।
স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া