
আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ভোক্তা-বান্ধব, নিরাপদ ও মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের মাষ্টারপাড়া এলাকায় প্রমি এগ্রো ফুডস লিমিটেডের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যায় মাতামুহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় ব্যবসায়ী, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন লামা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান, লামা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুদ্দিন, প্রমি এগ্রো ফুডস লিমিটেড কক্সবাজার অঞ্চলের ডিপো হোল্ডার মোহাম্মদ রফিক, এরিয়া সেলস ম্যানেজার মোহাম্মদ আমির হোসেন এবং লামা-আলীকদম অঞ্চলের ডিলার মোহাম্মদ সালাউদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লামা পৌর যুবদলের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম তুহিন।
সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ নুরুল ইসলাম ইউনুচ।
অতিথিরা প্রমি এগ্রো ফুডস লিমিটেডের পণ্যের গুণগত মান, উৎপাদন প্রক্রিয়া, বাজারব্যবস্থা ও গ্রাহকসেবার অগ্রগতি তুলে ধরেন। বক্তারা বলেন, “রমজানকে সামনে রেখে নিরাপদ খাদ্য নিশ্চিত করা প্রতিটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের দায়িত্ব। প্রমি এগ্রো ফুডস লিমিটেড দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মানসম্মত পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করেছে।”
সভায় উপস্থিত ব্যবসায়ী ও এলাকাবাসীরা তাদের প্রয়োজন, প্রত্যাশা ও ভোক্তা-সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। কোম্পানির প্রতিনিধিরা এলাকার মানুষের মতামত এবং দাবি বিবেচনায় নিয়ে ভবিষ্যতে সেবার মান আরও উন্নত করার আশ্বাস দেন।
ধন্যবাদ জ্ঞাপন এবং আগামীর সহযোগিতা প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১