কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি রাজাপুর সড়কের তিতাস নদীর ঘাট এলাকায় বালুভর্তি একটি ট্রলি উল্টে নদীতে পড়ে একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ জানান, দুপুরে তিন নারী ঘাটে নেমে গোসল করছিলেন। এসময় সড়ক দিয়ে বালুভর্তি একটি ট্রলি যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ট্রলিটি গোসলরত তিন নারীর ওপর সরাসরি চাপা পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রলিটি উদ্ধার করে এবং নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। ট্রলির চালক গুরুতর আহত হওয়ায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত নারীরা হলেন—শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) এবং ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। এদের মধ্যে রুজিনা ও সামছুন নাহার আপন জা এবং রিনা আক্তার তাদের ভাগিনার স্ত্রী।
স্থানীয়দের মতে, সড়কটি বেশ সরু হওয়ায় ভারী যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১