মানিকগঞ্জের হরিরামপুরে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে পিটিয়ে জখম করার অভিযোগে সাবেক উপজেলা ছাত্রদল নেতা মিরাজ হোসেন রাজকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার এসআই ইমদাদুল হক।
গত ২২ নভেম্বর ২০২৫ ইং সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার লেছড়াগঞ্জ বাজারস্থ মালেকের মুদির দোকানে বিপ্লব হাসান (৩৫) নামের স্থানীয় এক ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযুক্তরা হলেন—সাবেক ছাত্রদল নেতা মিরাজ হোসেন রাজ, চঞ্চল মির্জা ও মিজান। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের ভাষ্য, বিপ্লব হাসান নাস্তা করছিলেন, এ সময় অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে লাঠি ও বাঁশ দিয়ে তাকে মারধর করে গুরুতর জখম করেন।

জানা যায়, ভুক্তভোগী বিপ্লব হাসান চালা ইউনিয়নের দিয়াপাড়া গ্রামের বিল্লাল হোসেনের পুত্র। অপরদিকে গ্রেপ্তারকৃত মিরাজ হোসেন রাজ একই উপজেলার আন্ধারমানিক গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। চঞ্চল মির্জা একই গ্রামের আতার পুত্র এবং মিজান ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।
ভুক্তভোগী বিপ্লব জানান, তার ওপর হামলার সময় দোকান থেকে ৮ হাজার টাকা ও ২৪ হাজার টাকা মূল্যের রেডমি নোট–১৪ মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরও অভিযোগ করেন, “এটি ছিল পরিকল্পিত হত্যাচেষ্টা। নিরুপায় হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।”
অভিযুক্তদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হরিরামপুর থানার এসআই ইমদাদুল হক জানান, মারধর ও চুরির অভিযোগে ২ ডিসেম্বর একটি মামলা রুজু হয়েছে।
এ বিষয়ে থানার ওসি মো. মুজিবুর রহমান বলেন, “মামলার পর গ্রেপ্তারকৃত মিরাজ হোসেন রাজকে আদালতে পাঠানো হয়েছে।”
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া