রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩২তম পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বদলিজনিত কারণে বিদায় নিয়েছেন। রোববার (৩০ নভেম্বর) বিকেলে আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে তাকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
২০২৪ সালের ৭ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকে দক্ষ নেতৃত্ব, পেশাদারিত্ব এবং নিষ্ঠার মাধ্যমে মহানগরের আইন-শৃঙ্খলা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তাঁর নেতৃত্বেই রাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপিত হয় এবং বিশেষ অভিযানে অস্ত্র-মাদক উদ্ধার, কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ একাধিক সফল অভিযান পরিচালিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেপ্তারেও তিনি ছিলেন অগ্রণী ভূমিকা পালনকারী।
৫ আগস্টের সহিংসতায় ক্ষতিগ্রস্ত পুলিশ স্থাপনা পুনর্নির্মাণ কাজও তাঁর তত্ত্বাবধানে দ্রুত সম্পন্ন হয়। জনসেবায় নেওয়া উদ্যোগগুলোর মধ্যে ছিল অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি ও কালচারাল ক্লাব প্রতিষ্ঠা, আরএমপি তথ্য ও সেবা কেন্দ্র চালু এবং হারানো মোবাইল উদ্ধারে উদ্যোগ—যা সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়ে নেয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনিযুক্ত পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান। প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া