মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মানিকনগর গ্রামে রিপা বেগম (২৫) নামে এক গৃহবধূকে ছুরির আঘাতে জখম করে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে তার স্বামী নাসির মোল্লার বিরুদ্ধে। রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ ঘরের ভেতর এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে ভুক্তভোগী পরিবার জানায়, রাতে ঘুমের মধ্যে রিপা বেগমকে ঘর থেকে বাইরে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হলে তিনি মারাত্মকভাবে জখম হন। বর্তমানে তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা গেছে, অভিযুক্ত নাসির মোল্লা মানিকনগর গ্রামের রমজান মোল্লার ছেলে। অপরদিকে আহত রিপা বেগম উত্তর মেরুন্ডি গ্রামের খালেক মণ্ডলের মেয়ে। রিপা বেগম অভিযোগ করে বলেন, "আমার স্বামী পরিকল্পিতভাবে আমাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করেছে। এক পর্যায়ে ছুরিকাঘাতে আমাকে জখম করেছে।"
নাসির মোল্লার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো মন্তব্য দিতে রাজি হননি।
স্থানীয় সূত্র বলছে, পারিবারিক কলহের জের ধরে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। ভুক্তভোগী পরিবার বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান মুঠোফোনে জানান, "৯৯৯-এ কল পেয়ে সকালে তৎক্ষণাত ফোর্স পাঠানো হয়। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১