লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে ভারতের অনুমতি না মেলায় ভুটানের পরীক্ষামূলক ট্রানশিপমেন্ট পণ্যবাহী কনটেইনার কয়েকদিন ধরে আটকে রয়েছে। থাইল্যান্ড থেকে জাহাজে আসা ভুটানের এই ট্রানজিট পণ্য বাংলাদেশ হয়ে ভারতের সড়ক পথ দিয়ে ভুটানে যাওয়ার কথা থাকলেও ভারতের উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ রুট ক্লিয়ারেন্স না দেওয়ায় পুরো প্রক্রিয়া স্থবির হয়ে গেছে।
বুড়িমারী স্থলবন্দর ও কাস্টমস সূত্রে জানা গেছে, থাইল্যান্ডের ব্যাংককের ‘অবিত ট্রেডিং কোম্পানি লিমিটেড’ ৮ সেপ্টেম্বর ভুটানের এক আমদানিকারকের উদ্দেশ্যে জুস, জেলি, শুকনো ফল, লিচু ফ্লেভারের ক্যান্ডি ও শ্যাম্পুসহ ছয় ধরনের পণ্যভর্তি এক কনটেইনার পাঠায়। ২২ সেপ্টেম্বর কনটেইনারটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এরপর বাংলাদেশ–ভারত–ভুটানের দ্বিপাক্ষিক প্রোটোকল অনুযায়ী স্থলপথে ভুটানে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
কিন্তু ভারতের পক্ষ থেকে রুট ক্লিয়ারেন্স না পাওয়ায় ২৮ নভেম্বর থেকে কনটেইনারটি বুড়িমারী স্থলবন্দরে অবস্থান করছে। কয়েক দফা চেষ্টা সত্ত্বেও চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি পণ্যবাহী যানটি।
২০২৩ সালের ২২ মার্চ বাংলাদেশ–ভুটান ট্রানশিপমেন্ট সুবিধা বাস্তবায়নে দুই দেশের মধ্যে একটি প্রোটোকল চুক্তি স্বাক্ষর হয়। সিদ্ধান্ত ছিল—বাংলাদেশের সমুদ্রবন্দর ও সড়ক পথ এবং ভারতের সড়ক পথ ব্যবহার করে ভুটানে পরীক্ষামূলক দুটি ট্রানশিপমেন্ট চালান পাঠানো হবে। এরই অংশ হিসেবে পাঠানো এই প্রথম চালানই এখন ভারতীয় অনুমতির অভাবে আটকে গেছে।
বেনকো লিমিটেডের মালিক ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সদস্য ফারুক হোসেন বলেন, “চট্টগ্রাম থেকে আসা ভুটানের পরীক্ষামূলক ট্রানশিপমেন্ট চালানটি বুড়িমারীতে রয়েছে। ভারত এখনো অনুমতি দেয়নি। অনুমতি পেলেই পাঠিয়ে দেওয়া হবে।”
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বুড়িমারী সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, “ভারতের অনুমতি না আসায় কনটেইনারটি এখানেই আটকে আছে। অনুমতি পেলেই ভুটানে পাঠানো হবে।”
বুড়িমারী শুল্ক স্টেশনের সহকারী পরিচালক (ওসি) দেলোয়ার হোসেন জানান, “ভুটানের চালানের সব কাস্টমস কার্যক্রম শেষ হয়েছে। ভারতের অনুমতি পেলেই রওনা দেবে।”
স্থানীয় পরিবহন শ্রমিক, ব্যবসায়ী ও বন্দর–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বহুদিন ধরে বাংলাদেশ–ভুটান ট্রানজিট সুবিধা বাস্তবায়নের অপেক্ষায় ছিল এ অঞ্চল। প্রথম পরীক্ষামূলক চালান আটকে থাকায় বাণিজ্যিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তাদের দাবি, ভারত দ্রুত রুট ক্লিয়ারেন্স দিলে তিন দেশের বাণিজ্য নতুন গতি পাবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া