চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় ট্রেনের ধাক্কায় মো. জফির (৬০) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) রাত ৯টার পরে অক্সিজেন রেলগেটে এ ঘটনা ঘটে। নিহত জফির আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার মৃত আব্দুল হক সওদাগরের ছেলে।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রাতে ট্রেন আসার সময় রেলগেট নামানো ছিল। তবে তিনি পাশে থাকা ফাঁকা অংশ দিয়ে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার চেষ্টা করলে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
স্থানীয়রা জানান, অক্সিজেন এলাকায় রেলক্রসিংয়ে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা ঘাটতি ও অসচেতনতা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে। অনেকেই নিয়ম ভেঙে গেট বন্ধ থাকা অবস্থায় রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। তারা রেলক্রসিংয়ের নিরাপত্তা আরও জোরদারের দাবি জানান।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া