রাজশাহী প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের এন. এম. খান অডিটোরিয়ামে আজ শনিবার (২৯ নভেম্বর) সকালে শিশু শিক্ষা নিকেতন, চাঁপাইনবাবগঞ্জ-এর আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকেই চার শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পুরো অডিটোরিয়াম মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চাপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিশু শিক্ষা নিকেতনের সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আব্দুল হান্নান হানু। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সম্মানিত সম্পাদক জনাব মেজবাউল জাকের এবং অধ্যক্ষ জনাব মোঃ আনিসুর রহমান।
এবারের অনুষ্ঠানে ১০টিরও বেশি প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশগ্রহণকারী ২১৯ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবক ও অতিথিরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে শিশু শিক্ষা নিকেতন যে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে, আজকের এই আয়োজন তারই উৎকৃষ্ট উদাহরণ।”
পরে শিক্ষার্থীদের পরিবেশিত মনোমুগ্ধকর গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া