চট্টগ্রামের কর্ণফুলী থানা পুলিশের পৃথক অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৫) রাতে কর্ণফুলী থানার এসআই (নিঃ) জুয়েল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট-৫৪ (নৈশ) এলাকায় দায়িত্ব পালনকালে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, মইজ্জ্যারটেক মোড়ের আল-আকসা হোটেলের সামনে সন্দেহভাজনভাবে চলাফেরা করার সময় রোহিঙ্গা নারী রোজিনা আক্তার (২০)–কে আটক করা হয়। তিনি লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প নং–২৪-এর বাসিন্দা। তল্লাশিতে তার হেফাজত থেকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রোজিনার বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা নং–৩৮, তারিখ ২৮/১১/২০২৫, ধারা—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ বলেছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ব্যবস্থা নেওয়া হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১