চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাকের মোহাম্মদ চোর (শাহ্ উমরাবাদ) এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে চলমান বিরোধের জেরে চাচা-ভাতিজার সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সাকের মোহাম্মদ চর স্কুলপাড়া এলাকার মরহুম মকবুল আলীর ছেলে মোহাম্মদ কালু (৮০) ও তার ভাতিজা আলী আহমদ মাষ্টার (৬৮) দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্বে জড়িত ছিলেন। ঘটনার দিন সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে আলী আহমদ মাষ্টার ধারালো অস্ত্র দিয়ে চাচাকে বারবার আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, প্রাথমিক তদন্তে এটি জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্ত আলী আহমদ মাষ্টার ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, জমি-বিরোধ নিয়ে এলাকায় পূর্বেও উত্তেজনা ছিল। পারিবারিক দ্বন্দ্ব এভাবে হত্যাকাণ্ডে রূপ নেওয়া অত্যন্ত দুঃখজনক। প্রশাসন পরিবারকে আইনগত সহায়তা দিচ্ছে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কাকারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শফি বলেন, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। মধ্যস্থতার চেষ্টা করা হলেও বিরোধ মীমাংসা সম্ভব হয়নি। এ হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া