পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়ন এবং গুহারাখা ইউনিয়ন সংযোগ সড়কে অবস্থিত লোহার পোলটির বেহাল দশায় দীর্ঘ আট বছর ধরে ভোগান্তিতে রয়েছেন অন্তত চার হাজার স্থানীয় বাসিন্দা। প্রতিদিন স্কুল–কলেজের শিক্ষার্থী, নারী, শিশু ও কর্মজীবী মানুষ ঝুঁকি নিয়ে এ ভাঙা পোলটি দিয়ে যাতায়াত করছেন।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, বহু বছর ধরে পোলটি মেরামত কিংবা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা। পোলটির খুঁটি, হাতল ও বিম ভেঙে পড়লেও এখনো কোনো বরাদ্দ বা সরকারি সহযোগিতা পাওয়া যায়নি। নিত্যদিন দুর্ভোগ পোহালেও বিষয়টি যেন কারো নজরেই পড়ে না।
এলাকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ৬৫ নং সরকারি কাঁটা দৈহারী প্রাথমিক বিদ্যালয়-এর শত শত কোমলমতি শিক্ষার্থী প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে এই পোলটি ব্যবহার করে স্কুলে যাতায়াত করে। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সাংবাদিক মোং ইব্রাহিম হাওলাদার ভাঙা পোলটি পরিদর্শন করে জানান, পোলটির কাঠামো এতটাই নষ্ট হয়ে গেছে যে এর ওপর দিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি আরও জানান, এলাকাবাসী দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এলাকাবাসীর দাবি—পোলটি দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ জরুরি। স্থানীয় যুবসমাজও ক্ষোভ প্রকাশ করে বলছে, “শীর্ষ নেতাদের দৃষ্টি নেই, যেন চোখে কালো চশমা পরে আছে। মানুষের জীবনঝুঁকি নিয়ে কারও ভ্রুক্ষেপ নেই।”
যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা এড়াতে সরকার ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। মানবিকতার জায়গা থেকে দ্রুত স্থায়ী সমাধান না হলে বড় বিপর্যয় ঘটতে পারে বলে তাদের আশঙ্কা।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া