রাশিয়ায় হঠাৎ করে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় দেশটিতে সৃষ্টি হয়েছে ব্যাপক জনঅসন্তোষ। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় নিরাপত্তার কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের ড্রোন হামলা প্রতিরোধে এই ধরনের ইন্টারনেট শাটডাউন কার্যকর নয় বরং এটি সাধারণ মানুষের অধিকার ও স্বাধীনতায় আঘাত।
ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে সাধারণ নাগরিকদের দৈনন্দিন কাজে মারাত্মক ভোগান্তি দেখা দিয়েছে। অনলাইন পেমেন্ট সিস্টেম বন্ধ হয়ে যাওয়ায় গণপরিবহনের ভাড়া পরিশোধ, জরুরি লেনদেন এবং ডেলিভারি সেবায় বিঘ্ন ঘটছে। এমনকি কর্মরত বাবা-মায়েরা দূর থেকে অসুস্থ সন্তানদের পর্যবেক্ষণ করতেও পারছেন না।
শাটডাউনের সময় কেবল সরকার অনুমোদিত কিছু নির্দিষ্ট ওয়েবসাইটেই প্রবেশ করা যাচ্ছে। ফলে ডিজিটাল স্বাধীনতা হ্রাস এবং নাগরিকদের ওপর নজরদারি বৃদ্ধির আশঙ্কা বাড়ছে। নতুন বিধিনিষেধের অংশ হিসেবে বিদেশী ও অব্যবহৃত সিম কার্ডও ব্লক করে দিচ্ছে কর্তৃপক্ষ।
এছাড়াও টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় অ্যাপেও প্রবেশে সমস্যা দেখা দিয়েছে। পরিবর্তে সরকার ঘরোয়া মেসেজিং অ্যাপ ‘ম্যাক্স’ ব্যবহারের পরামর্শ দিচ্ছে, যা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য শেয়ার করতে পারে বলে মত দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা।
অনেকে বাধা অতিক্রম করতে ভিপিএন ব্যবহার করলেও সেগুলোও নিয়মিত ব্লক করছে সরকার। বিশ্লেষকদের মতে, নাগরিকদের রাষ্ট্র অনুমোদিত ডিজিটাল প্ল্যাটফর্মে সীমাবদ্ধ করার জন্যই এই কৌশল গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে আরও কঠোর ইন্টারনেট নিয়ন্ত্রণ আরোপের আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া