চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নববধূ জান্নাতুল ফেরদৌস হত্যার প্রতিবাদে এবং মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে বাঁশখালী প্রবাসী মানবকল্যাণ ফাউন্ডেশন ও এলাকাবাসীর আয়োজনে পাইরাং দেলা মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মিয়ার বাজার হয়ে বাঁশখালী থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে উপজেলা পরিষদ গেইট এলাকায় এসে মানববন্ধনে পরিণত হয়।
মানববন্ধন কর্মসূচিটি পরিষদের উপদেষ্টা জোবায়েরের সার্বিক সহযোগিতায় এবং ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মিনহাজ, হেলাল, আলমগীর, হেলাল উদ্দিন, বাঁশখালী হেফাজতে ইসলাম মহাসচিব মাওলানা মহিউদ্দিন খান জসিম, সাদ্দাম, বোরহান, শোয়াইব, হাবুব, আরসার, সিরাজ, ইউনুস, আতিকসহ বহু প্রবাসী পরিবারের সদস্য ও স্থানীয় সাধারণ মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন— “নববধূ জান্নাতুল ফেরদৌস হত্যার ৯ দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি—এটি অগ্রহণযোগ্য।”
বক্তারা আরও জানান—ঘটনার প্রধান আসামি শাহাব উদ্দিনসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করা না হলে তিন দিনের মধ্যে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। বাঁশখালী থানা ঘেরাওয়ের হুশিয়ারিও দেন তারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন—একটি নিরীহ পরিবারের মেয়েকে হত্যার পর আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে। দোষী যারাই হোক, ঘটনার দ্রুত তদন্ত, দৃশ্যমান অগ্রগতি ও গ্রেপ্তার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া