
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহার্ট জেলার আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ী এলাকায় জমির ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী পশ্চিম পাড়া এলাকায় ডাক্তার আব্দুল আজিজের বাড়ির ড্রেন খননের সময় গ্রেনেডটি পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাক্তার আব্দুল আজিজ তার জমিতে পানির নিষ্কাশন ড্রেনের কাজ করছিলেন। এ সময় সন্দেহজনক একটি লৌহবস্তুর মতো কিছু দেখতে পেয়ে কাছে গিয়ে দেখেন এটি গ্রেনেডের মতো। পরে তিনি গ্রেনেডটি বাড়িতে এনে পরিবার ও স্থানীয়দের দেখালে সন্দেহ আরও বাড়ে এবং তারা তাৎক্ষণিকভাবে আদিতমারী থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ডাক্তার আব্দুল আজিজ জানান, “সকালে ড্রেনের কাজ করার সময় হঠাৎ মাটি খুঁড়তেই গ্রেনেডটি চোখে পড়ে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন আমাদের বাড়ির পাশেই মুক্তিযোদ্ধারা অবস্থান করতেন। তখন দেখতাম তারা বিভিন্ন এলাকায় গ্রেনেড নিক্ষেপ করতেন, ব্রিজ–কালভার্ট ধ্বংস করতেন পাকিস্তান হানাদার বাহিনীর অগ্রযাত্রা রুখতে। মনে হচ্ছে সেই সময়ের ব্যবহৃত গ্রেনেডই মাটির নিচে রয়ে গিয়েছিল।”
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া পরিত্যক্ত গ্রেনেডটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন ফেলে যাওয়া কোনো গ্রেনেড হতে পারে। গ্রেনেডটি নিরাপদে থানায় রাখা হয়েছে এবং পরবর্তীতে বিধিমোতাবেক ডিসপোজ করার কার্যক্রম গ্রহণ করা হবে।”
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং গ্রেনেডটির উৎস সম্পর্কে তদন্ত চলছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া