বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে চলমান অপপ্রচার প্রতিরোধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর বুধবার বীরগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সহ-সভাপতি এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মনজুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার বন্ধের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাকির হোসেন ধলু ও তার অনুসারীরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ভুয়া ও ভিত্তিহীন তথ্য প্রচার করছেন, যা দলের সুনাম ক্ষুণ্ণ করছে এবং জামায়াত প্রার্থীকে সুবিধা দিচ্ছে।
বক্তারা বলেন, মনজুরুল ইসলাম মঞ্জু ২০০৯ সাল থেকে বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দলীয় নেতা-কর্মীদের পাশে ছিলেন। আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ, শীতবস্ত্র বিতরণ, বন্যা ও করোনাকালে ত্রাণ সহযোগিতা, দরিদ্র পরিবারের জন্য ঘর নির্মাণসহ অসংখ্য সামাজিক কাজে তার অবদান রয়েছে।
তারা অভিযোগ করেন, কিছু বিভ্রান্ত নেতা মিথ্যা প্রচার চালিয়ে প্রার্থীকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। কিন্তু মঞ্জু সাহেবের জনপ্রিয়তা ও ত্যাগ দলের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।
বক্তারা বলেন, “মনজুরুল ইসলাম মঞ্জু ছাড়া বীরগঞ্জ-কাহারোল আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব নয়।”
তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু।
এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক শামীম ইসলাম, জেলা বিএনপির সদস্য বাবু সুভাষ দাসসহ উপজেলা ও জেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১