বাংলাদেশ–ভারত ম্যাচ মানেই আলাদা উত্তেজনা, বাড়তি আবেগ আর তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী। যদিও আগেই দু’দলই বাছাইপর্ব থেকে বাদ পড়েছে, তবুও ম্যাচটিকে গুরুত্বের সঙ্গেই দেখছে ভারত।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় কোচ খালিদ জামিলকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় বাংলাদেশের আলোচিত ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে। জাতীয় জার্সিতে মাত্র কয়েক ম্যাচেই ঝলক দেখানো এই মিডফিল্ডার ছয় ম্যাচে চার গোল করে নজর কেড়েছেন। মিডফিল্ডে তার উপস্থিতিতে বাংলাদেশের শক্তি বেড়েছে বলেও মন্তব্য করেন সাংবাদিকরা।
তবে এসব প্রশ্নে শুধু হামজাকে কেন্দ্র করে পরিকল্পনা নয়, পুরো বাংলাদেশ দলকেই গুরুত্ব দিচ্ছেন বলে জানান ভারতীয় কোচ। তার ভাষায়—
“বাংলাদেশ ভালো দল। শুধু হামজা নয়, আরও অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। আমরা বাংলাদেশকে কখনোই হালকাভাবে নিচ্ছি না।”
এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে র্যাংকিংয়ে ভারতের অবস্থান ছিল শীর্ষে, তবুও দুই ম্যাচ আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে তাদের। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য এড়িয়ে গিয়ে বলেন—
“আমরা শুধু আগামীকালের ম্যাচ নিয়েই ভাবছি।”
ম্যাচের আগের অনুশীলনের সময় নিয়েও ছিল কৌতূহল। সাধারণত সন্ধ্যায় অনুশীলন করা হলেও ভারতীয় দল সকাল ৯টায় জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি নেয়। এ বিষয়ে জামিল জানান—
“এটাই আমাদের ট্রেনিং রুটিন। ম্যাচের আগের দিন আমরা এমনভাবেই প্রস্তুতি নিই।”
দীর্ঘদিন ধরে বাংলাদেশ–ভারত ম্যাচে আলোচিত নাম ছিলেন সুনীল ছেত্রী। কিন্তু তাকে এবার দলে রাখা হয়নি। কোচের সংক্ষিপ্ত ব্যাখ্যা—
“সে অবসর নিয়েছে।”
সাবেক ভারতীয় ফুটবলার হিসেবে বাংলাদেশ–ভারত ম্যাচের উত্তেজনা সম্পর্কে ভালোই জানেন খালিদ জামিল। তিনি বলেন—
“এই ম্যাচের গুরুত্ব দুই দলই ভালো জানে। খেলোয়াড়রা সর্বদা সিরিয়াস থাকে।”
ফ্লাডলাইটের আলোয় মঙ্গলবার রাত ৮টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সমর্থকদের প্রত্যাশা, হোক একটি লড়াকু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১