জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সাইবার নিরাপত্তা আইনে কারাভোগ করা আলোচিত শিক্ষার্থী খাদিজাতুল কুবরা।
রোববার (১৬ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। মনোনয়নপত্রে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রাথমিক সদস্য হিসেবে খাদিজা নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। তার সাংগঠনিক দক্ষতা ও সক্রিয়তার মূল্যায়নে তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, খাদিজার মেধা, মনন ও নেতৃত্বগুণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে বিশ্বাস করে কেন্দ্রীয় ছাত্রদল।
এমন মনোনয়ন অনুমোদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
এ বিষয়ে খাদিজাতুল কুবরা বলেন, “আমাকে জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করার জন্য কেন্দ্রীয় ও জবি শাখার নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। শুধু জকসু নির্বাচন কেন্দ্রিক নয়, ভবিষ্যতেও ছাত্রদলের রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখবো।”
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী এর আগে জকসু নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। ছাত্রদলের সম্ভাব্য প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে তার প্রার্থী হওয়ার গুঞ্জন রয়েছে। দলীয় মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবেই তাকে যুগ্ম আহ্বায়ক পদে দেয়া হয়েছে বলে ধারণা করছেন শিক্ষার্থীরা।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া