আমতলী (বরগুনা) প্রতিনিধি:
নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে বৃহস্পতিবার গভীর রাতে বরগুনার আমতলীতে সড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাসটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মালিক পক্ষ। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মরহুম রুস্তুম আলী গাজী বাড়ির সামনে পার্কিং করে রাখা স্বর্ণা পরিবহন (নম্বর: পটুয়াখালী ব-১১-০০৪৬) বাসটিতে গভীর রাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
আমতলী উপজেলা বাস মালিক সমিতির সভাপতি মো. নিজাম প্যাদা বলেন, “বিগত কয়েক বছর ধরে আমরা এখানে বাস পার্কিং করি। কখনো এমন দুর্ঘটনা ঘটেনি।”
সমিতির সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান সজল বলেন, “স্থানীয় বাসগুলো সারাদিন চলাচলের পর এখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মেরামত করা হয়। বৃহস্পতিবার রাতে বাস পোড়ানোর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
বাসের হেলপার রাব্বি জানান, তিনি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুনের শব্দে জেগে উঠে কোনোরকমে প্রাণ বাঁচিয়ে নিচে নামেন। তিনি বলেন, “বাসের সবদিকে আগুন। সারানোর মতো আর কিছুই বাকি নেই।”
বাস মালিক মো. শহীদুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“এই বাসই আমার সবকিছু। সংসার চলে এই আয় দিয়ে। অগ্নিকাণ্ডে আমার সব শেষ হয়ে গেছে। এখন আমি পথের ফকির হয়ে গেলাম। সারানোর মতো টাকাও নেই।”
অগ্নিকাণ্ডের পরপরই আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে।
আটকরা হলেন—
১) মো. আতাউর রহমান (২৯)
২) মো. পারভেজ খান (২৮)
৩) মো. তস্ময় গাজী (৩৩)
৪) মো. কাওছার আহম্মেদ রনি (৩৩)
৫) মো. ছগির মল্লিক (২৩)
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন,
“অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।”
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১